মধ্যপ্রাচ্যের সংঘাত ও জ্বালানির বাজারে অস্থিরতার মধ্যেও ২০২৬ সালের বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস সামান্য বাড়িয়েছে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (OECD)।নতুন পূর্বাভাসে OECD জানিয়েছে, চলতি বছর বিশ্ব অর্থনীতি ২ দশমিক ৯ শতাংশ হারে বাড়তে পারে। জুনের পূর্বাভাসের তুলনায় এটি দশমিক ১ শতাংশ পয়েন্ট বেশি। একই সঙ্গে ২০২৭ সালের প্রবৃদ্ধির পূর্বাভাস সামান্য কমিয়ে ৩ শতাংশ করা হয়েছে।
সংস্থাটি বলছে, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানির দাম বেড়েছে। তবে বিভিন্ন দেশের জ্বালানি মজুত, উপসাগরীয় অঞ্চলের বাইরে থেকে অতিরিক্ত সরবরাহ এবং কিছু সরকারি সহায়তা কর্মসূচি অর্থনীতির ওপর যুদ্ধের ধাক্কা কমাতে সহায়তা করেছে।OECD-এর মূল্যায়নে শেয়ারবাজারের তুলনামূলক ইতিবাচক পরিস্থিতি এবং ঋণের সুযোগও বৈশ্বিক অর্থনীতির স্থিতিস্থাপকতা ধরে রাখতে ভূমিকা রেখেছে।
তবে জ্বালানির দাম আবার বাড়তে থাকায় সামনে অর্থনীতির জন্য ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে সংস্থাটি। OECD-এর মতে, মধ্যপ্রাচ্যের সংঘাত কত দ্রুত ও টেকসইভাবে শেষ হয়, তার ওপর বৈশ্বিক অর্থনীতির ভবিষ্যৎ পরিস্থিতি অনেকটাই নির্ভর করছে।











