আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। এরই ধারাবাহিকতায় নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থীতা ঘোষণা করেছেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম মন্ডল (সালাম ডাক্তার)।রোববার বিকেলে নাজিরগঞ্জ বাজারে স্থানীয় রাজনৈতিক কার্যালয়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই আনুষ্ঠানিক ঘোষণা দেন।
সভার শুরুতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। এ সময় আব্দুস সালাম মন্ডল বলেন, “জনগণের সেবা ও এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যেই আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং পাবনা-২ আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম. সেলিম রেজা হাবিবের দিকনির্দেশনা ও আশীর্বাদ নিয়ে আমি এগিয়ে যেতে চাই।”
তিনি ইউনিয়নের সর্বস্তরের জনগণ, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সার্বিক সহযোগিতা এবং দোয়া কামনা করেন। মতবিনিময় সভায় উপস্থিত বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী আব্দুস সালাম মন্ডলকে একজন যোগ্য, ত্যাগী ও তৃণমূলবান্ধব নেতা হিসেবে উল্লেখ করেন। তাঁকে আসন্ন নির্বাচনে দলীয় সমর্থন ও মনোনয়ন প্রদানের জন্য সংসদ সদস্য অ্যাডভোকেট এ.কে.এম. সেলিম রেজা হাবিবের দৃষ্টি আকর্ষণ করেন তারা। সভা শেষে নেতাকর্মী ও উপস্থিত সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।












