তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিতব্য ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৫৩তম সম্মেলনে যোগ দিতে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ জাতীয় সংসদের এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আজ রোববার ৪ অক্টোবর দুপুর ২:৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিনিধি দলটি তানজানিয়ার উদ্দেশে রওয়ানা হয়।
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে এ প্রতিনিধি দলে সরকারি ও বিরোধী দলের তরুণ ও অভিজ্ঞ সংসদ সদস্যরা অংশ নিচ্ছেন। বিশ্ব সংসদীয় রাজনীতিতে বাংলাদেশের অবস্থান দৃঢ় করা এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে বহুপাক্ষিক কূটনৈতিক সংযোগ বৃদ্ধিই এই সফরের অন্যতম লক্ষ্য।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন—জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, এমপি; সরওয়ার জামাল নিজাম, এমপি; এ.ই.সুলতান মাহমুদ বাবু, এমপি; মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস, এমপি; এস কে আজিজুল বারী, এমপি; হুমাম কাদের চৌধুরী, এমপি; মীর আহমাদ বিন কাসেম,এমপি; ড.সানসিলা জেবরিন, এমপি এবং রোকেয়া বেগম,এমপি।
সম্মেলন চলাকালে প্রতিনিধি দলটি বিশ্বের বিভিন্ন দেশের সংসদীয় প্রতিনিধিদের সাথে বৈশ্বিক গণতন্ত্র, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন এবং আঞ্চলিক সহযোগিতা সম্পর্কিত গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেবে। পাশাপাশি কয়েকটি রাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়ে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও সংসদীয় চর্চা তুলে ধরার কথা রয়েছে। সম্মেলন শেষে প্রতিনিধি দলটির দেশে ফেরার কথা রয়েছে।
















