ন্যায়বিচার, রাষ্ট্রীয় জবাবদিহি এবং জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দাবিতে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ।‘মার্চ ফর ইনসাফ’ নামে এই কর্মসূচি আগামী ৭ অক্টোবর দেশের সর্বউত্তরের তেঁতুলিয়ার বাংলাবান্ধা থেকে শুরু হয়ে শেষ হবে টেকনাফের জিরো পয়েন্টে।সোমবার (৫ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত মতবিনিময় সভায় কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সভায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, লেখক, অ্যাক্টিভিস্ট, জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তি এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে দেশের বিভিন্ন এলাকায় পদযাত্রা, পথসভা ও সমাবেশের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করা হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি ন্যায়বিচার ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার পক্ষে জনমত গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
পরিকল্পনা অনুযায়ী, উত্তরাঞ্চল থেকে ঢাকার দিকে যাত্রা করে আগামী ২১ অক্টোবর শাহবাগের শহীদ শরীফ ওসমান হাদি চত্বরে সমাবেশ করবে ইনকিলাব মঞ্চ। এরপর কর্মসূচি পূর্বাঞ্চলের দিকে এগিয়ে গিয়ে টেকনাফের জিরো পয়েন্টে শেষ হবে।
‘মার্চ ফর ইনসাফ’-এর তিন দফা দাবি হলো—
১. শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা।
২. গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করা।
৩. জুলাই, পিলখানা ও শাপলা গণহত্যার বিচার নিশ্চিত করা।
সভায় বক্তারা শহীদ শরীফ ওসমান হাদি হত্যার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান।
মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারাও বক্তব্য দেন এবং কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন।













