তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।সোমবার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীও উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণের জন্য তথ্যমন্ত্রীকে অভিনন্দন জানান ব্রিটিশ হাইকমিশনার।সাক্ষাৎকালে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো উদ্যোগ বা ইচ্ছা সরকারের নেই বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতার পাশাপাশি জনগণকে ভুল ও বিভ্রান্তিকর তথ্য থেকে সুরক্ষিত রাখাও গুরুত্বপূর্ণ। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।
অন্যদিকে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক মতপ্রকাশের স্বাধীনতার পাশাপাশি সাংবাদিকতার নৈতিক মান বজায় রাখার ওপর গুরুত্ব দেন। ভুল তথ্য ও অপতথ্য মোকাবিলায় ফ্যাক্ট-চেকিংয়ের প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।
এ ক্ষেত্রে যুক্তরাজ্যের Office of Communications এবং বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মধ্যে সহযোগিতার সম্ভাবনা রয়েছে বলেও উল্লেখ করেন ব্রিটিশ হাইকমিশনার।
সাক্ষাতে সামাজিক যোগাযোগমাধ্যমের চ্যালেঞ্জ, তথ্যের সঠিকতা এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।













