কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’ মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।মঙ্গলবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সালমান মুক্তাদিরের মন্তব্য থেকে তার মনে হয়েছে দেশের বর্তমান ছাত্ররাজনীতির বাস্তবতা সম্পর্কে হয়তো তার পূর্ণাঙ্গ ধারণা নেই।নাছির উদ্দীন নাছিরের দাবি, বর্তমানে দেশের দুই হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম রয়েছে এবং এসব প্রতিষ্ঠানে সংগঠনটির নেতাকর্মীদের বড় অংশই নিয়মিত শিক্ষার্থী।
তিনি আরও দাবি করেন, বিগত ১৭ বছরের রাজনৈতিক আন্দোলনে ছাত্রদলের নিয়মিত শিক্ষার্থীরা বিভিন্নভাবে ভূমিকা রেখেছেন। তার বক্তব্য অনুযায়ী, অনেক নেতাকর্মী গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হয়েছেন এবং কারাগারে থেকেও কেউ কেউ পরীক্ষায় অংশ নিয়েছেন।সর্বশেষ জুলাইয়ের গণঅভ্যুত্থানেও ছাত্রদলের নিয়মিত শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল বলে উল্লেখ করেন নাছির। এ প্রসঙ্গে ওয়াসিম আকরামসহ সংগঠনটির কয়েকজনের আত্মত্যাগের কথাও তুলে ধরেন তিনি।
সালমান মুক্তাদিরকে দেশের যেকোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছাত্রদলের কার্যক্রম সরেজমিনে দেখার আহ্বান জানান ছাত্রদলের এই নেতা।তিনি আশা প্রকাশ করেন, মাঠপর্যায়ে সংগঠনটির নেতাকর্মীদের সঙ্গে কথা বললে সালমান মুক্তাদিরের ধারণা পরিবর্তন হতে পারে।












