জাতীয় সংসদ ভবনের স্থাপত্যশৈলী, পরিচ্ছন্নতা এবং সবুজ নান্দনিক পরিবেশ অক্ষুণ্ণ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) বিকেলে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনকালে তিনি এই নির্দেশ প্রদান করেন। পরিদর্শনকালে প্রধানমন্ত্রী সংসদ ভবন এলাকার মাঠ,বাগান এবং প্রাঙ্গণের বিভিন্ন অংশ সরেজমিনে ঘুরে দেখেন।
এসময় তিনি সার্বিক পরিবেশ,অবকাঠামোগত অবস্থা এবং চলমান পরিচ্ছন্নতা কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করেন। সংসদ ভবন প্রাঙ্গণের সার্বিক পরিবেশ তুলে ধরে প্রধানমন্ত্রী প্রাঙ্গণের পরিচ্ছন্নতা নিশ্চিত করা,সবুজায়ন বৃদ্ধি,গাছপালার সঠিক ও নিয়মিত পরিচর্যা এবং প্রয়োজনীয় সংস্কারকাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
জাতীয় সংসদ ভবনের বিশ্বখ্যাত স্থাপত্যশৈলী ও ঐতিহ্যবাহী নান্দনিক রূপ ধরে রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন,”জাতীয় সংসদ কেবল দেশের সর্বোচ্চ আইনসভার কেন্দ্র নয়, এটি আমাদের জাতীয় স্থাপত্যের এক অনন্য প্রতীক। এর সৌন্দর্য ও পরিচ্ছন্নতা বজায় রাখতে নিয়মিত তদারকি ও কার্যকর রক্ষণাবেক্ষণ সুনিশ্চিত করতে হবে।” পরিদর্শনকালে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর এই নির্দেশনার পর সংসদ ভবন প্রাঙ্গণের রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা করা হচ্ছে।














