সাভারের হেমায়েতপুরের থমথমে ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির জের কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে সার্বিক চিত্র। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে শিল্পাঞ্চলের স্থবিরতা কাটিয়ে কাজ ফিরতে শুরু করেছে পোশাক কারখানাগুলোতে। একই সঙ্গে ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক থাকায় স্বস্তি ফিরেছে সাধারণ যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের মনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই সাভার ও হেমায়েতপুরের পোশাক কারখানাগুলোতে শ্রমিকেরা নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগ দিয়েছেন। কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম পুরোদমে শুরু হওয়ায় শিল্পাঞ্চলে ফিরতে শুরু করেছে স্বাভাবিক কর্মচঞ্চলতা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানার নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে।
তবে সাময়িক উত্তেজনা কাটলেও নিরাপত্তার স্বার্থে কঠোর নজরদারি বজায় রেখেছে স্থানীয় প্রশাসন। হেমায়েতপুর মোড়সহ সাভারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পর্যাপ্তসংখ্যক পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন রাখা হয়েছে। যেকোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
এর পাশাপাশি, এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে মাঠে সক্রিয় রয়েছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শিল্পাঞ্চল সাভারের অর্থনীতি ও মানুষের জীবিকা মূলত কারখানাগুলোর নিরবচ্ছিন্ন উৎপাদনের ওপর নির্ভরশীল।
সাময়িক অস্থিরতার পর সার্বিক পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসায় স্বস্তি ব্যক্ত করেছেন সাধারণ শ্রমিক ও ব্যবসায়ী সমাজ। ভবিষ্যতে কোনো ধরনের অস্থিরতা না ছড়িয়ে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপদ কর্মপরিবেশ বজায় থাকবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।
















