দেশের নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে অনার্স পর্যন্ত তাদের বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, নারী শিক্ষার্থীদের অনার্স পর্যায় পর্যন্ত পড়াশোনার ব্যয় সরকার বহন করবে। পাশাপাশি ভালো ফলাফল করা ছাত্রীদের জন্য বৃত্তির ব্যবস্থাও করা হবে।তার বক্তব্যে তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। এই বিশাল জনগোষ্ঠীকে শিক্ষায় পিছিয়ে রেখে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়।খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে নারীদের ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার উদ্যোগ নিয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার নারী শিক্ষাকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যেতে চায় বলে জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, গ্রামাঞ্চলের দরিদ্র পরিবারের শিশুদের জন্য সরকার প্রতিবছর স্কুল ড্রেস দেওয়ার পরিকল্পনা করছে। পাশাপাশি প্রায় এক কোটি ২০ লাখ শিশুর হাতে স্কুল ব্যাগ পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।বিনামূল্যে পাঠ্যবই দেওয়ার পাশাপাশি স্কুল ড্রেস ও ব্যাগও শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি।নারীদের স্বাবলম্বী করার বিষয়েও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তার বক্তব্য অনুযায়ী, পরিবার পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা নারীদের হাতে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি পরিবারের কাছে পর্যায়ক্রমে এই কার্ড পৌঁছে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।










