বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে ম্যাকাইয়ে মাঠে নামছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টের জন্য নিজেদের একাদশ ঘোষণা করেছে স্বাগতিকরা। অধিনায়ক প্যাট কামিন্স সংবাদ সম্মেলনে দুটি পরিবর্তনের ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত একাদশে এসেছে মাত্র একটি পরিবর্তন।
আগে থেকেই ধারণা করা হচ্ছিল, মধ্য কুইন্সল্যান্ডের কন্ডিশন বিবেচনায় অস্ট্রেলিয়া চার পেসার নিয়ে মাঠে নামতে পারে। সে ক্ষেত্রে অভিজ্ঞ স্পিনার নাথান লায়নকে বাইরে রাখার সম্ভাবনাও তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত নেয়নি অস্ট্রেলিয়ার নির্বাচক প্যানেল।
কামিন্সের সংবাদ সম্মেলন শেষ হওয়ার পর নির্বাচকরা জরুরি আলোচনায় বসে লায়নকে একাদশে রাখার সিদ্ধান্ত নেন। ফলে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও অস্ট্রেলিয়ার স্পিন আক্রমণের নেতৃত্বে থাকছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। শতভাগ ফিট থাকা অবস্থায় লাল বলের ক্রিকেটে লায়নকে বাদ দেওয়ার ঘটনা অস্ট্রেলিয়ার ক্রিকেটে সর্বশেষ ঘটেছিল প্রায় ১৪ বছর আগে।
একাদশে একমাত্র পরিবর্তন এসেছে ওপেনিংয়ে। জ্যাক ওয়েদারল্ডের জায়গায় ফিরেছেন ম্যাট রেনশ। ৩০ বছর বয়সী এই ব্যাটার ২০২৩ সালের পর আবারও অস্ট্রেলিয়ার টেস্ট একাদশে জায়গা পেলেন। ২০১৬-১৭ মৌসুমে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সেঞ্চুরি করে আলোচনায় এলেও পরবর্তী সময়ে ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় দল থেকে বাদ পড়েছিলেন তিনি।
এদিকে তিন নম্বরে মার্নাস লাবুশেন সাম্প্রতিক সময়ে প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারলেও তার ওপরই আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে খেলা একাদশ থেকে রেনশ ছাড়া আর কাউকে বাদ দেওয়া হয়নি।
বাংলাদেশের কাছে প্রথম টেস্টে ৯ উইকেটে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে অস্ট্রেলিয়া। তাই দ্বিতীয় টেস্টটি তাদের জন্য বাঁচা-মরার লড়াই। ম্যাচটি ড্র হলেও প্রথমবার বাংলাদেশের কাছে টেস্ট সিরিজ হারের মুখে পড়বে অস্ট্রেলিয়া। ফলে সিরিজে সমতা ফেরাতে ম্যাকাই টেস্টে জয়ের বিকল্প নেই কামিন্সদের সামনে।
অস্ট্রেলিয়া একাদশ: প্যাট কামিন্স, ম্যাথু রেনশ, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, ব্যু ওয়েবস্টার, মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জশ হ্যাজলউড।











