ঢাকার আশুলিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মো. শামীম মোল্লা (৩৫) নামে এক পলাতক আসামিকে মানিকগঞ্জের হরিরামপুর থেকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, ২০১৮ সালে ৩৬ গ্রাম হেরোইনসহ গ্রেফতার হওয়ার পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। ওই মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এরপর সাজা পরোয়ানা জামিনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) ভোররাত ৩টার দিকে মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম, (পিপিএম-সেবা)।
গ্রেফতার মো. শামীম মোল্লা মানিকগঞ্জের হরিরামপুর থানার উত্তর মেরুন্ডী এলাকার মো. আব্দুর রহিম মোল্লার ছেলে। তার বর্তমান ঠিকানা ঢাকার আশুলিয়ার বগাবাড়ি এলাকায় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, শামীম মোল্লা আশুলিয়া থানার মামলা নং-৬৫ (০৯)২০১৮-এর আসামি। ওই মামলায় ৩৬ গ্রাম হেরোইনসহ গ্রেফতারের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। সাজা পরোয়ানা জারির পর তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। পরে তার অবস্থান শনাক্ত করে মানিকগঞ্জের হরিরামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম, পিপিএম-সেবা) বলেন, “সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের গ্রেফতারে আশুলিয়া থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।”













