সাভার পৌরসভার ৭ নং ওয়ার্ডের সিআরপি মহল্লায় এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর, ২০২৬) সকালে এ কর্মসূচি বাস্তবায়িত হয়। এলাকা পরিচ্ছন্ন রাখা এবং মশার উপদ্রবসহ পরিবেশগত নানা ঝুঁকি হ্রাসের লক্ষ্যে স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী এই উদ্যোগে অংশ নেন। কর্মসূচিতে উপস্থিত থেকে দিকনির্দেশনা প্রদান করেন সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী মাসুম, পৌর জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. আলী, অ্যাডভোকেট তানজিনা আফরিন, রোস্তম আলী, ইউছুফ, আনোয়ার, সাইফুল, মামুন, জাহিদ, জামাল, জুলহাস এবং স্থানীয় মহিলা দলের নেত্রীবৃন্দ সহ এলাকার সাধারণ মানুষ। অভিযান পরিচালনাকালে নেতৃবৃন্দ সিআরপি মহল্লার বিভিন্ন সড়ক, নালা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে সরাসরি অংশ নেন।
পরিচ্ছন্নতা অভিযানকালে বক্তারা বলেন, “একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনের জন্য পরিবেশ পরিচ্ছন্ন রাখার কোনো বিকল্প নেই। সাভারের প্রতিটি ওয়ার্ডকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে গড়ে তুলতে আমাদের এই ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে। স্থানীয় নাগরিকদেরও নিজস্ব আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানাই।” পরিচ্ছন্নতা অভিযানে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের ইতিবাচক উদ্যোগকে সাধুবাদ জানান।


















