জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দোকানের মালিকানা নিয়ে বিরোধের জেরে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের অন্তত নয় শিক্ষার্থী আহত হয়েছেন।সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর চত্বরে এ সংঘর্ষ হয়।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২০১৭ সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল চালু হওয়ার পর ওই এলাকায় বেশ কয়েকটি দোকান বরাদ্দ দেওয়া হয়। তৎকালীন ছাত্রলীগের নেতাকর্মীরা হল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অন্তত ১৫টি দোকান বরাদ্দ নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। প্রতিটি দোকানের জন্য এক থেকে দুই লাখ টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগও ওঠে।
পরবর্তীতে ২০২৪ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল চালু হলে নতুন জটিলতা তৈরি হয়। নজরুল ইসলাম হলের সামনের এলাকায় আগে থেকেই রবীন্দ্রনাথ ঠাকুর হলের নামে বরাদ্দ থাকা কয়েকটি দোকান রয়েছে। এর মধ্যে চারটি দোকানের মালিকানা নিজেদের দাবি করে আসছেন নজরুল হলের শিক্ষার্থীরা।এ নিয়ে কয়েক দিন ধরে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় সোমবার তা সংঘর্ষে রূপ নেয়।প্রত্যক্ষদর্শীরা জানান, আগের রাতে নজরুল ইসলাম হলের শিক্ষার্থীদের মধ্যে ওই চারটি দোকানে তালা দেওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বিষয়টি জানতে পেরে দুপুরে রবীন্দ্রনাথ ঠাকুর হলের কয়েকজন শিক্ষার্থী রবীন্দ্র চত্বরে অবস্থান নেন। পরে নজরুল হলের একদল শিক্ষার্থী সেখানে এলে প্রথমে ধাক্কাধাক্কি এবং পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
ঘটনার পর আহতদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। গুরুতর আহত কয়েকজনকে অ্যাম্বুলেন্সে করে সাভারের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জাকির হোসেন বলেন, আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি দুই হলের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে বিরোধের সমাধানের উদ্যোগ নেওয়া হবে।বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের উপপ্রধান চিকিৎসা কর্মকর্তা রিজওয়ানুর রহমান জানান, বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত নয়জন শিক্ষার্থী চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় সাভারের অন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।












