২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।
শনিবার (৩১ অক্টোবর) সকালে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয়।
অনলাইনে যেভাবে ফল জানা যাবে
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজেদের ফলাফল দেখতে পারবে eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইটে। এ জন্য ওয়েবসাইটের ‘Result’ বিভাগে প্রবেশ করে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে হবে।
অন্যদিকে, শিক্ষার্থীরা একই ওয়েবসাইটগুলোতে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে নিজেদের ফলাফল জানতে পারবে। এ ছাড়া সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফল সংগ্রহ করা যাবে।
এসএমএসে ফল জানার নিয়ম
মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে HSC DHA 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। এখানে ‘DHA’-এর পরিবর্তে নিজ নিজ শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর এবং ‘123456’-এর জায়গায় পরীক্ষার্থীর রোল নম্বর লিখতে হবে।
পুনর্নিরীক্ষণের আবেদন ১ নভেম্বর থেকে
প্রকাশিত ফলাফলে অসন্তুষ্ট পরীক্ষার্থীরা উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবে ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত। এ বিষয়ে বিস্তারিত নিয়ম, আবেদনপ্রক্রিয়া ও প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।














