রংপুরের গংগাচড়ায় দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘব এবং আধুনিক যোগাযোগব্যবস্থা গড়ে তোলার লক্ষে একটি গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রস্তাবিত এই সড়কটি গঙ্গাচড়া–রংপুর সড়কের আরাজি নিয়ামত (পান্নুর মিল) থেকে শুরু হয়ে শুকান চৌকি পাকা সড়ক পর্যন্ত বিস্তৃত। দীর্ঘদিন ধরে বেহাল দশায় থাকা এই সড়কটি সংস্কার ও উন্নয়নের আওতায় আসায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. রায়হান সিরাজী বলেন, এলাকার সাধারণ মানুষের যাতায়াত সহজ করা এবং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে বর্তমান সরকার সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকৌশলীদের কঠোর নির্দেশ দেন।
স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করে জানান, সড়কটির নির্মাণকাজ সম্পন্ন হলে এই অঞ্চলের মানুষের যাতায়াতব্যবস্থা আরও সহজ হবে। পাশাপাশি এলাকার কৃষিপণ্য পরিবহনসহ দৈনন্দিন চলাচল দ্রুততর হবে, যা সামগ্রিক জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকল্পটি বাস্তবায়নে স্থানীয় জনগণের পক্ষ থেকেও সার্বিক সহযোগিতা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি কামনা করা হয়েছে, যাতে কাজের গুণগত মানে কোনো ব্যত্যয় না ঘটে।


















