ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের শ্রীপুর গ্রামে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দারুল উলুম খেমিরুন নেসা মাদ্রাসা কমপ্লেক্সের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আয়োজিত এ মাহফিলে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আব্দুল গফুর মিয়া।

বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব ইসরাফিল হোসেন।
মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট ইসলামী আলোচক আল্লামা নজরুল ইসলাম কাসেমী। তাঁর আলোচনায় ইসলামের মৌলিক শিক্ষা, নৈতিক চরিত্র গঠন, মানবিক দায়িত্ববোধ এবং ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব তুলে ধরা হয়।
আয়োজনে অংশ নেওয়া মুসল্লিরা মনোযোগ দিয়ে ধর্মীয় আলোচনা শোনেন। এ ধরনের মাহফিল মানুষের মধ্যে ধর্মীয় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্য জোরদারে ভূমিকা রাখে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
ধর্মীয় আলোচনা ও নসিহতের মধ্য দিয়ে মাহফিলের কার্যক্রম সম্পন্ন হয়।

















