ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনায় রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নতুন ভবনের শিশু ওয়ার্ডে আগুনের সূত্রপাত হয়।ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাজ উদ্দিন জানান, খবর পাওয়ার পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে, তবে ভবনের ভেতরে প্রচুর ধোঁয়া জমে আছে।
তিনি বলেন, সদর ফায়ার স্টেশনের একটি ইউনিটও ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। ধোঁয়া পুরোপুরি নিয়ন্ত্রণে আনার পর আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধান করা হবে।অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর হাসপাতালের রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।












