আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নয়ন, বস্তুনিষ্ঠ তদন্ত এবং সাহসিকতার স্বীকৃতিস্বরূপ ঢাকা জেলার সেরা সাব-ইনস্পেক্টর (এসআই) আগষ্ট -২০২৬ হিসেবে সম্মাননা পেয়েছেন আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জাকির আল আহসান।
সোমবার ঢাকা জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এই শ্রেষ্ঠত্বের সম্মাননা ও ক্রেস্ট তুলে দেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন।
পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, ৫ সেপ্টেম্বর সাভার আমিন বাজারে পুলিশ হত্যার প্রধান আসামী জহিরুল কে ৭ ঘন্টার অভিযানে গ্রেফতার ও এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি ঘটে। বিশেষ করে মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি গ্রহণ করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারে তিনি বিশেষ ভূমিকা পালন করেন। এছাড়া সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অপরাধীদের শনাক্ত ও দ্রুততম সময়ে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা পরিবেশ স্থিতিশীল রাখতে তাঁর ভূমিকা প্রশংসিত হয়।
পুরস্কার পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় এসআই জাকির আল আহসান জানান, “যেকোনো কাজের স্বীকৃতি কাজের উদ্দীপনা বহুগুণ বাড়িয়ে দেয়। এই অর্জন কেবল আমার একার নয়, আমার ফাঁড়ির প্রতিটি সদস্যের অক্লান্ত পরিশ্রমের ফল। জনগণের নিরাপত্তা বিধান এবং অপরাধমুক্ত সমাজ গঠনে এই সম্মাননা আমাকে ভবিষ্যতে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে অনুপ্রাণিত করবে।”
সম্মাননা প্রদানকালে জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, জনগণের আস্থা অর্জন ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের এ ধরনের স্বীকৃতি দেওয়া হলে পুলিশ বাহিনীর কর্মস্পৃহা আরও বৃদ্ধি পাবে। তিনি ভবিষ্যতেও ঢাকা জেলাজুড়ে অপরাধ দমন ও জনসেবায় কর্মকর্তাদের এই ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
এদিকে, জাকির আহসান সেরা এসআই হিসেবে নির্বাচিত হওয়ায় আমিনবাজার এলাকার সাধারণ মানুষের মাঝেও ব্যাপক আনন্দ ও সন্তোষ দেখা গেছে। স্থানীয় অধিবাসীরা মনে করছেন, সঠিক কাজের এই মূল্যায়ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কর্মকর্তাদের কাজের প্রতি আরও বেশি আন্তরিক করে তুলবে।













