আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি পোশাক কারখানায় সম্প্রতি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ও আহত শ্রমিকদের স্মরণে এবং দায়ীদের শাস্তির দাবিতে
বুধবার(২৩সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০ টার সময় মানববন্ধন করেছে পোশাক শ্রমিকদের একাধিক সংগঠন। জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটি এবং টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে উপস্থিত শ্রমিক নেতারা সম্প্রতি ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেন। তারা অভিযোগ করেন,পোশাক কারখানাগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভাব এবং কারখানা কর্তৃপক্ষের অবহেলার কারণেই বারবার এ ধরনের দুর্ঘটনা ঘটছে।
সমাবেশে বক্তারা নিহতদের পরিবারকে যথাযথ এবং আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। একইসাথে আহত শ্রমিকদের সুচিকিৎসা সুনিশ্চিত করা এবং তাদের পুনর্বাসনের জন্য মালিকপক্ষ ও সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।
বক্তারা আরও বলেন, দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত করে ঘটনার পেছনে দায়ী ব্যক্তিদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যেন ভবিষ্যতে আর কোনো শ্রমিককে এভাবে প্রাণ হারাতে না হয়।
কর্মসূচিতে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটি এবং টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের পোশাক শ্রমিকরা অংশগ্রহণ করেন।

















