দেশে ডেঙ্গু পরিস্থিতি অবনতির মধ্যেই গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নতুন দুই মৃত্যুর ফলে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১১ জনে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় একজন করে দুইজন মারা গেছেন।
নতুন ভর্তি রোগীদের মধ্যে চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি ২৪৬ জন রয়েছেন। এরপর ঢাকা বিভাগে ২৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন, খুলনা বিভাগে ১৩০ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৬ জন ভর্তি হয়েছেন।এ ছাড়া বরিশাল ও রংপুর বিভাগে ৪৪ জন করে, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন এবং সিলেট বিভাগে চারজন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মৃত ২১১ জনের মধ্যে ঢাকা বিভাগেই ১০২ জনের মৃত্যু হয়েছে। খুলনা বিভাগে ৩৭ জন, চট্টগ্রামে ২১, ময়মনসিংহে ২০, বরিশালে ১৬, রাজশাহীতে ১০, রংপুরে চার এবং সিলেটে একজন মারা গেছেন।













