রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ককটেল তৈরিতে ব্যবহৃত বিভিন্ন উপকরণ ও ৯ হাজার কাগজের মুখোশ উদ্ধারের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ঘটনায় জাহিদ হাসান ইমন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ তাকে যুবলীগের নেতা হিসেবে পরিচয় দিয়েছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-দক্ষিণ) মো. তোফায়েল আহমেদ মিয়া এসব তথ্য জানান।
পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনার তদন্ত করতে গিয়ে ইমনের সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য পাওয়া যায়। পরে শুক্রবার ভোরে দক্ষিণ কেরানীগঞ্জের বাগাশুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।ডিএমপির তথ্যমতে, ইমনের দেওয়া তথ্যের ভিত্তিতে ১ কেজি ৫০০ গ্রাম কস্টিক সোডা, ১ কেজি ৬০০ গ্রাম সালফার, ৫ কেজি মারবেল, ২ কেজি এক ইঞ্চি তারকাঁটা, ককটেল মোড়ানোর ২০টি লাল কস্টেপ ও ১১টি কালো কস্টেপ উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া তিন কার্টনে রাখা ৯ হাজার কাগজের মুখোশ, মুখোশ ব্যবহারের জন্য ৩০ প্যাকেট ইলাস্টিক এবং উপকরণ গুঁড়া করার কাজে ব্যবহৃত একটি ব্লেন্ডার ও জার উদ্ধার করা হয়।পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে ইমন জানিয়েছে, লালবাগের এক নেতার মাধ্যমে অজ্ঞাত এক ভ্যানচালকের সহায়তায় মুখোশগুলো তার কাছে পৌঁছায়। পরে বিভিন্ন নেতাকর্মীর মধ্যে বিতরণের উদ্দেশ্যে সেগুলো তার বাসায় রাখা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।ডিএমপি আরও জানায়, ইমনের বিরুদ্ধে শাহবাগ ও লালবাগ থানায় পৃথক দুটি মামলা রয়েছে।














