ঢাকার আশুলিয়ায় চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়াতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন স্থানীয় সাংবাদিক সোহরাব হোসেন ওরফে সৌরভ। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় একদল সশস্ত্র সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালিয়ে রক্তাক্ত করে এবং সাথে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
গত রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে আশুলিয়ার জামগড়া ছয়তলা এলাকায় এই বর্বরোচিত ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে তিনি এই ঘটনায় আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সাংবাদিকতার পাশাপাশি সোহরাব হোসেন সৌরভ এলাকায় একটি ব্যবসার সঙ্গে যুক্ত। কিছুদিন ধরে অভিযুক্ত এনামুল হক, মো. শেখ ওয়াসিম ইকবালসহ সংঘবদ্ধ একটি চাঁদাবাজ চক্র তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। ঘটনার দিন চাঁদা দিতে রাজি না হওয়ায় হামলাকারীরা দেশীয় অস্ত্র ও লোহার রড দিয়ে তার মাথা ও হাতে এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত জখম করে।
হামলা চলাকালে আত্মরক্ষার্থে ও সাহায্যের জন্য সৌরভ মোবাইল ফোন বের করার চেষ্টা করলে সন্ত্রাসীরা সেটি কেড়ে নেয়। একই সাথে তার কাছে থাকা ব্যবসায়িক কাজের নগদ ১ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায় হামলাকারীরা। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা তাকে প্রাণনাশের ও লাশ গুম করার হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে কেটে পড়ে।
ঘটনার বিষয়ে জানতে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা স্বীকার করে আশুলিয়া থানা পুলিশ ও র্যাব জানায়, এই হামলার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অপরাধের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তারা যত প্রভাবশালীই হোক না কেন, তদন্তে দোষ প্রমাণিত হলে দ্রুত গ্রেপ্তারসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।














