চলমান উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করা এবং দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির যে কোনো অপচেষ্টা ও চক্রান্তের প্রতিবাদে আজ ঢাকার সাভারে বিশাল প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার সাভার থানা বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচি থেকে দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং অপশক্তির নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের হুঁশিয়ারি দেওয়া হয়।
অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মো. মহিউদ্দিন বিপ্লব। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা এবং বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. আমির শিরালী।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দেওয়ান মো. মহিউদ্দিন বিপ্লব বলেন, “একটি স্বার্থান্বেষী মহল দেশের স্বাভাবিক শান্তিশৃঙ্খলা বিঘ্নিত করে অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা করছে। যেকোনো মূল্যে এই ধরনের অপচেষ্টা ও ষড়যন্ত্র নস্যাৎ করা হবে।”
সমাবেশ শেষে সাভার থানা বাসস্ট্যান্ড এলাকা থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ করে। এতে বিরুলিয়া ইউনিয়নসহ সাভারের বিভিন্ন ওয়ার্ড ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
















