রাজধানীর মিরপুরে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের চিকিৎসার অন্যতম ভরসাস্থল ‘মা ও শিশুর চিকিৎসা কেন্দ্র’ (রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার)-এ মধ্যরাতে অমানবিক হামলা, ভাঙচুর ও ব্যাপক লুটপাটের অভিযোগ উঠেছে। রাতের অন্ধকারে দুঃসাহসিক এই হামলায় ক্লিনিকের ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী লুটে নেওয়া হয়েছে।
এ ঘটনার তীব্র প্রতিবাদে ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে রাজধানীর মিরপুর, শাহ আলী ও দারুসসালাম থানা বিএনপির যৌথ উদ্যোগে সোমবার (২৮ শে সেপ্টেম্বর ২০২৬)এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা এবিএমএ রাজ্জাক। এ সময় তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল হোসেন আব্দুল এবং হাফিজুল হাসান শুভ্রসহ স্থানীয় অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
প্রতিবাদ সমাবেশ থেকে নেতৃবৃন্দ বলেন, “রাতের আঁধারে একটি সেবাধর্মী চিকিৎসাপ্রতিষ্ঠানে এভাবে হামলা ও লুটপাট চালানো অত্যন্ত ন্যাক্কারজনক ও দুঃখজনক ঘটনা। যে বা যারাই এই জঘন্য অপরাধের সাথে জড়িত, তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।”
একই সাথে সর্বস্তরের সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিরবচ্ছিন্ন রাখার স্বার্থে জরুরি ভিত্তিতে রাড্ডা ক্লিনিকটির প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করা এবং আগের মতো সকল সুযোগ-সুবিধাসহ দ্রুত চিকিৎসা কার্যক্রম পুরোদমে চালু করার দাবি জানান নেতারা।
স্থানয়ীদের দাবি, দুষ্কৃতকারীরা এই সেবামূলক প্রতিষ্ঠানের ওপর তাণ্ডব চালিয়ে দরিদ্র মা ও শিশুদের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকারকে মারাত্মক হুমকির মুখে ফেলেছে। দ্রুত জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।
















