ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক পাকিস্তানকে হারিয়ে দুর্দান্ত শুরু করলেও দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। শেষ ওভারের উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ৪ উইকেটে জয় পেয়েছে লঙ্কান মেয়েরা।টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। শুরুতেই মাইমুনা নাহের ও বিবি আয়েশাকে হারিয়ে চাপে পড়ে দলটি। মাইমুনা করেন ১ এবং আয়েশা কোনো রান না করেই সাজঘরে ফেরেন। জান্নাতের ব্যাট থেকে আসে ১৬ রান।
এরপর অধিনায়ক সাদিয়া ইসলাম ও নিশিতা আক্তার নিশি মিলে ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন। নিশি ২৬ রান করে রানআউট হন। তবে অধিনায়ক সাদিয়া মাত্র ২২ বলে ৩৯ রানের কার্যকর ইনিংস খেলেন। সাদিয়া আক্তার করেন ১৮ রান।১২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই নেটমি উপেক্ষাকে ৪ রানে হারায় শ্রীলঙ্কা। এরপর দ্বিতীয় উইকেটে গুরুত্বপূর্ণ জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা।
লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন সাঞ্জানা কাভিন্দি। বালাসুরিয়া ২১ এবং মানুদি করেন ১১ রান। শেষ পর্যন্ত শেষ বল পর্যন্ত লড়াই করে জয় তুলে নেয় শ্রীলঙ্কা।বাংলাদেশের বোলারদের মধ্যে নিশিতা আক্তার নিশি দুটি উইকেট নেন। ফারজানা ইয়াসমিন ও আফরিন মিম পেয়েছেন একটি করে উইকেট।













