চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় অভিযুক্ত অভিনেতা আশরাফুল হক ওরফে ডনের জামিন আবেদন আবারও নাকচ করেছেন আদালত।সোমবার (৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।শুনানিতে ডনের আইনজীবী মফিজুল ইসলাম বলেন, ১৯৯৬ সালে সালমান শাহর মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছিল। পরবর্তী সময়ে বিভিন্ন সংস্থা তদন্ত করে প্রতিবেদন দেয় এবং এসব প্রতিবেদনে মৃত্যুকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি আদালতে ময়নাতদন্ত ও চিকিৎসকদের প্রতিবেদনও উপস্থাপন করেন।
আসামিপক্ষের দাবি, মামলাটি ইতোমধ্যে পাঁচবার তদন্ত হয়েছে। কিন্তু অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। এসব যুক্তিতে ডনের জামিন চান তার আইনজীবী।তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে মামলাটিকে চাঞ্চল্যকর হিসেবে উল্লেখ করে। তদন্তের স্বার্থে আসামিকে জামিন না দেওয়ার আবেদন জানানো হয়।দুই পক্ষের বক্তব্য শোনার পর আদালত ডনের জামিন আবেদন নামঞ্জুর করেন।
এর আগে গত ৯ আগস্ট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ১২ আগস্ট তার জামিন আবেদন নাকচ হয়। এরপর ২৭ আগস্ট আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে মারা যান সালমান শাহ। তার মৃত্যু আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড—এ নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে।
২০২৫ সালে আদালতের নির্দেশে এ ঘটনায় হত্যা মামলা করা হয়। সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় মামলাটি করেন।মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা আশরাফুল হক ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। মামলাটির তদন্ত করছে সিআইডি। আগামী ৫ নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে।













