কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়িতে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা করতে গিয়ে থানায় অবরুদ্ধ থাকার অভিযোগ করেছেন দলটির ১৭ নেতাকর্মী।এনসিপির দাবি, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা থানার আশপাশ ঘিরে রাখায় তারা সেখানে আটকা পড়েন।
রোববার (৪ অক্টোবর) রাতে কুমারখালী থানায় এজাহার দিতে যান এনসিপির কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস টনি, সদস্যসচিব সুলতান মারুফ তালহাসহ ১৭ জন।
জান্নাতুল ফেরদৌস টনি অভিযোগ করেন, রাতে আশপাশের দোকান বন্ধ থাকায় তারা এজাহার প্রস্তুত করতে পারছিলেন না। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সহযোগিতা চাইলে থানার কম্পিউটারে এজাহার লিখে দেওয়ার কথা বলা হলেও শেষ পর্যন্ত তা করা হয়নি।
তার দাবি, একপর্যায়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা থানার আশপাশে অবস্থান নিলে তারা ভেতরে আটকা পড়েন। পরে রাত ১টার দিকে পুলিশি নিরাপত্তায় তাদের কুষ্টিয়া শহরে পৌঁছে দেওয়া হয়। তাদের ওপর মব হামলার চেষ্টাও হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।
এনসিপির জেলা সদস্যসচিব সুলতান মারুফ তালহা দাবি করেন, পুলিশ মামলা নিতে নানা অজুহাত দেখিয়েছে। থানার ভেতরে দুই শতাধিক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী তাদের উদ্দেশে স্লোগান দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
তবে এনসিপির অভিযোগ অস্বীকার করেছেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বী। তার দাবি, এ ঘটনায় ছাত্রদলের কোনো নেতাকর্মী জড়িত ছিলেন না। স্থানীয়দের সঙ্গে কথাকাটাকাটির জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল।
কুমারখালী থানার ওসি জামাল উদ্দিনও কাউকে অবরুদ্ধ করার অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান, থানায় জামায়াতে ইসলামী, বিএনপি ও এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন, তবে কাউকে আটকে রাখা হয়নি।
মামলা না নেওয়ার অভিযোগও অস্বীকার করে ওসি বলেন, এনসিপির নেতাকর্মীরা লিখিত এজাহার নিয়ে এলে মামলা নেওয়া হতো। হামলার বিষয়ে তিনি ঘটনাস্থলে না থাকায় নিজের পক্ষ থেকে এজাহার লিখে দেওয়ার সুযোগ ছিল না বলেও জানান।
তবে নিরাপত্তাহীনতার কথা জানানোয় এনসিপির নেতাকর্মীদের পুলিশি প্রটোকলে কুষ্টিয়া শহর পর্যন্ত পৌঁছে দেওয়ার বিষয়টি স্বীকার করেন তিনি।
এর আগে রোববার সন্ধ্যায় লালন আখড়াবাড়ি থেকে বের হওয়ার সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ ওঠে। এ সময় তার গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে কাচ ভাঙচুর করা হয়।













