২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান ঘিরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার (৩০ জুন) রায় ঘোষণার আগে সকালে কারাগার থেকে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
মামলায় একমাত্র আসামি ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী ইনু। ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, ইনুর বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়েছিল। অভিযোগগুলোর মধ্যে রয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার নির্দেশ দেওয়া এবং আন্দোলনকারীদের ওপর হামলায় উসকানি দেওয়ার বিষয়টি। এর আগে গত ১৪ মে মামলার উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন। মামলার নথি অনুযায়ী, জুলাই-আগস্ট আন্দোলনের প্রেক্ষাপটে ২০২৪ সালের ৫ আগস্ট কুষ্টিয়া শহরের বিভিন্ন এলাকায় ছাত্র-জনতার ওপর গুলি চালানো হয়।
এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। ওই ঘটনার পরই ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে তদন্ত সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে প্রসিকিউশন তার বিরুদ্ধে আটটি অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) জমা দেয়। এই রায়ের মাধ্যমে ২০২৪ সালের জুলাই আন্দোলন ঘিরে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচারপ্রক্রিয়ায় নতুন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যুক্ত হলো।















