জুলাই শহীদদের স্মরণে আশুলিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকেল ৩টায় এ কর্মসূচির আয়োজন করেন ধামসোনা ইউনিয়ন বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল গফুর মিয়া। সভাপতিত্ব করেন আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম পিয়ার আলী।
আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে জুলাই শহীদদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। একই সঙ্গে শহীদদের আদর্শ ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভা শেষে জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনা, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় আশুলিয়া থানা বিএনপি, ধামসোনা ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।















