এশিয়ান গেমসে নারী ফুটবলে বাংলাদেশের শুরুটা হয়েছে দুঃস্বপ্নের মতো। শক্তিশালী উত্তর কোরিয়ার বিপক্ষে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি বাংলাদেশ। ম্যাচে ১০-০ গোলের বড় ব্যবধানে পরাজিত হয়েছে পিটার বাটলারের দল।সোমবার (১৪ সেপ্টেম্বর) জাপানের আইচি-নাগোয়া আসরের নারীদের ফুটবল দিয়ে বাংলাদেশের এশিয়ান গেমস অভিযান শুরু হয়। ওসাকার নাগাই স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে উত্তর কোরিয়া।
প্রথমার্ধেই বাংলাদেশের বিপক্ষে সাতবার গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় উত্তর কোরিয়া। ম্যাচের ১০ মিনিটে রিয়ং জংয়ের জোড়া গোলে বড় ব্যবধানের সূচনা হয়। দুই মিনিট পর হোয়াং ইউ ইয়ং গোল করলে স্কোরলাইন দাঁড়ায় ৩-০। এরপর ১৮ ও ৩৫ মিনিটে চ্যা আন ইয়ংয়ের দুই গোল বাংলাদেশকে আরও চাপে ফেলে। প্রথমার্ধের শেষ দিকে ৪০ ও ৪৩ মিনিটে কিম কিয়ং ইয়ং আরও দুটি গোল করেন। ফলে বিরতিতে ৭-০ ব্যবধানে পিছিয়ে থেকেই মাঠ ছাড়ে বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধেও বাংলাদেশের জালে বল পাঠানোর ধারা অব্যাহত রাখে উত্তর কোরিয়া। এ সময়ে রিং সং, জং কুম ও হান জিন হং একটি করে গোল করে দলের জয়কে ১০-০ ব্যবধানে নিয়ে যান।বয়সভিত্তিক ফুটবলে সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়ার সাফল্য এবং তাদের শক্তিশালী দল নিয়ে আগে থেকেই আলোচনা ছিল। এশিয়ান গেমসেও তারা স্বর্ণপদকের অন্যতম দাবিদার হিসেবে মাঠে নেমেছে।বাংলাদেশের নারী ফুটবল ইতিহাসে এটি বড় ব্যবধানে পরাজয়ের অন্যতম ঘটনা হয়ে থাকল।গ্রুপপর্বে বাংলাদেশের পরবর্তী পরীক্ষা আরও কঠিন। আগামী বৃহস্পতিবার একই মাঠে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ।












