“খেলাধুলাকে হ্যাঁ বলি, মাদককে না বলি”— এই স্লোগানকে সামনে রেখে সাভারের বিরুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘একলাল-নিতাইলাল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টায় বিরুলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শিরোপানির্ধারণী এই মহারণে মুখোমুখি হয় টুর্নামেন্টের অন্যতম দুই শক্তিশালী দল— ‘জেন-জি ক্লাব’ এবং ‘বিরুলিয়া রেঞ্জার্স’। উৎসবমুখর পরিবেশে বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক খেলাটি উপভোগ করেন।
অনুষ্ঠানে মিরপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শহিদুর রহমান (এনা)’র সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরুলিয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মো. আপেল দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক ও বিরুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ আল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে ইউপি সদস্য মো. আপেল দেওয়ান বলেন, “তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত এরকম ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন কিশোর-তরুণদের সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বিশেষ অতিথির বক্তব্যে বিরুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক মোহাম্মদ আল-আমিন বলেন, “মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে পুলিশ প্রশাসনের পাশাপাশি স্থানীয় ক্রীড়া উদ্যোগগুলো বড় নিয়ামক হিসেবে কাজ করে। তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত রাখতে বিরুলিয়ার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”
সভাপতির বক্তব্যে মিরপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুর রহমান (এনা) বলেন, “তরুণ সমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে প্রীতিময় ক্রীড়া সংস্কৃতির চর্চা ফিরিয়ে আনতে হবে। ভবিষ্যতেও যুব সমাজকে ঐক্যবদ্ধ রাখতে এমন আয়োজন অব্যাহত থাকবে।”
তরুণ সমাজকে মাদকমুক্ত রেখে ক্রীড়ামুখী করার লক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্টটি সার্বিক পরিচালনা করেন সিয়াম খাঁন, রাকিব, ফাইজুল, সিয়াম, মাশরাফি, আরফান ও সামিরসহ স্থানীয় একঝাঁক তরুণ।
খেলা শেষে আয়োজকদের পক্ষ থেকে মাঠে উপস্থিত সকল ক্রীড়াপ্রেমী দর্শক ও অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করা হয়। পরে বিজয়ী ও বিজিত দলের মাঝে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি বিতরণীর মাধ্যমে বর্ণাঢ্য এই আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।














