সত্য ও ন্যায় প্রকাশের পথে নিপীড়িত ও সত্যের পক্ষে লড়াকু সাংবাদিকদের আস্থার ঠিকানা জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন এর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক আনন্দ ভ্রমণ-২০২৬ ও আলোচনা সভা এবং সাংগঠনিক দিকনির্দেশনামূলক কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
দুই দিন ব্যাপী এই আয়োজনে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সংবাদকর্মীরা অংশ নেন। আনন্দ ভ্রমণের পাশাপাশি অনুষ্ঠিত আলোচনা সভায় সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, ঐক্য এবং ভবিষ্যৎ সাংগঠনিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সংগঠনটির চেয়ারম্যান এম শাহীন আলম বলেন, সংবাদপত্র হলো সমাজের দর্পণ, আর সাংবাদিকরা হলেন সেই দর্পণের কারিগর। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, সত্য প্রকাশ করতে গিয়ে আজ বস্তুনিষ্ঠ সাংবাদিকরা পদে পদে নির্যাতন, মামলা ও প্রলোভনের মুখোমুখি হচ্ছেন। জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই নিপীড়িত সাংবাদিকদের পাশে আইনি ও নৈতিক সাহস জুগিয়ে আসছে।
তিনি আরও বলেন, আমাদের এই লড়াই পেশাদারিত্ব ও সততার পক্ষে। কোনো অন্যায়ের কাছে মাথা নত না করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির সেবা করে যেতে হবে। সাংবাদিকদের ওপর যেকোনো ধরনের নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং প্রতিটি জেলা-উপজেলায় নির্যাতিত সহকর্মীদের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।

উক্ত আনন্দ ভ্রমণে সঙ্গী হিসেবে ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ মোল্লা, ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন পাটোয়ারী, ১নং যুগ্ম মহাসচিব মো. রিপন মিয়া, যুগ্ম মহাসচিব মতিন খন্দকার টিটু, সাংগঠনিক সম্পাদক হাবিব সরকার স্বাধীন, সহ সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল আলম মানিক, অর্থ সম্পাদক মো. শফিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক ফারুক হোসেন সূর্য, নির্বাহী সদস্য মো. মঞ্জুর মোর্শেদ, মো. মনির হোসেন, মো. আলমগীর হোসেন প্রমূখ।
আলোচনা সভা শেষে সংগঠনের তরফ থেকে পেশাগত দায়িত্ব পালনে সতর্কতা ও নৈতিকতা বজায় রাখার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানিয়ে সাংগঠনিক দিকনির্দেশনামূলক বার্তা প্রদান করা হয়।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, পেশাগত জীবনের নানা অভিজ্ঞতা বিনিময় এবং আজ মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে দিনটির সমাপ্তি ঘটে।












