দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ২ হাজার ১৫৮ জন রোগী, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ ভর্তি।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন রোগীদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ৩৪৫ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ৩৫৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩১১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৯৭ জন এবং খুলনা বিভাগে ৩২৯ জন রয়েছেন।
এ ছাড়া বরিশালে ২২৭, ময়মনসিংহে ১৩২, রংপুরে ৭৩ এবং সিলেট বিভাগে ১২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৭৩ হাজার ৬৯৬ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৮ হাজার ৬ জন।
গত এক দিনে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৭৫৫ জন। আর চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৫ জনে।
গত বছর অর্থাৎ ২০২৫ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের।











