হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের ব্যয় আরও ৮৪৭ কোটি ৫৮ লাখ টাকা বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।তৃতীয় সংশোধনীর মাধ্যমে প্রকল্পটির মোট ব্যয় ২২ হাজার ২১৩ কোটি ১০ লাখ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নের সময়সীমা ২০২৭ সালের জুন পর্যন্ত বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় মোট ১৩টি প্রকল্প অনুমোদন করা হয়। এসব প্রকল্প বাস্তবায়নে প্রায় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে।হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পটি ২০১৬ সালের জুলাইয়ে শুরু হয়। শুরুতে প্রকল্পটি ২০২২ সালের জুনের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। পরে কয়েক দফায় এর মেয়াদ বাড়ানো হয়।
পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রকল্পটির প্রাথমিক ব্যয় ছিল প্রায় ১৩ হাজার ৬১০ কোটি টাকা। দ্বিতীয় সংশোধনীর পর ব্যয় দাঁড়ায় ২১ হাজার ৩৬৫ কোটি ৫২ লাখ টাকা।এবার তৃতীয় সংশোধনীর মাধ্যমে প্রকল্পের ব্যয় আরও ৮৪৭ কোটি ৫৮ লাখ টাকা বাড়িয়ে ২২ হাজার ২১৩ কোটি ১০ লাখ টাকা করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।নতুন হিসাব অনুযায়ী, প্রকল্পে সরকারের অর্থায়ন থাকবে ৫ হাজার ১১৫ কোটি ৯৭ লাখ টাকা। প্রকল্প ঋণ হিসেবে ধরা হয়েছে ১৭ হাজার ৯৭ কোটি ১২ লাখ টাকা।











