জনকল্যাণে আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানোর পাশাপাশি এআই যেন নিয়ন্ত্রণহীনভাবে ব্যবহৃত না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার বঙ্গভবনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম পরে এ তথ্য জানান।
রাষ্ট্রপতি বলেন, এআই, ন্যানোপ্রযুক্তি, জৈবপ্রযুক্তি ও সেমিকন্ডাক্টরসহ আধুনিক প্রযুক্তি খাতে গবেষণা ও উদ্ভাবনের জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে আরও সক্রিয় হতে হবে।এআইয়ের অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত ব্যবহারের কারণে মানুষের চিন্তাশক্তি ও সৃজনশীলতার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও উল্লেখ করেন তিনি। তাই জনকল্যাণে পরিমিত ও দায়িত্বশীলভাবে এ প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি।
সাক্ষাৎকালে কুয়েটের উপাচার্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ও বিভিন্ন উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।রাষ্ট্রপতি দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে শুধু রাজধানীকেন্দ্রিক না রেখে বিভিন্ন অঞ্চলে আরও বিস্তৃত করার প্রয়োজনীয়তার কথা বলেন। পাশাপাশি জাতীয় পর্যায়ের গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
এ সময় উপাচার্য কুয়েটের আসন্ন সমাবর্তনে চ্যান্সেলর হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে উপস্থিত থাকার আশ্বাস দেন।সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব এবং কুয়েটের কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন।











