পাবনার দুবলিয়া বাজারে অবৈধভাবে সার মজুত রাখার দায়ে এক ব্যবসায়ী দোকানদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে কারখানা ও দোকান থেকে ২৫১ বস্তা বিভিন্ন ধরনের অবৈধভাবে মজুতকৃত সার জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর২০২৬) দুপুরে দুবলিয়া বাজারে অবস্থিত ব্যবসায়ী আব্দুল মান্নানের দোকানে এ অভিযান পরিচালনা করেন পাবনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।
প্রশাসন সূত্রে জানা যায়,বাজারে সারের কৃত্রিম সংকট রোধ ও নিয়মিত তদারকির অংশ হিসেবে আজ দুপুরে দুবলিয়া বাজারের আব্দুল মান্নানের দোকানে অভিযান চালানো হয়। সেখানে অবৈধভাবে মজুত করা ২৫১ বস্তা বিভিন্ন ধরনের সার পাওয়া যায়। আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্ত ব্যবসায়ী আব্দুল মান্নানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জব্দকৃত ২৫১ বস্তা সার উপ-সহকারী কৃষি কর্মকর্তা শফিকুল ইসলামের জিম্মায় ও তত্ত্বাবধানে রাখা হয়েছে। সাধারণ কৃষকদের মাঝে সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে এসব সার দ্রুত বিক্রির নির্দেশনা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বাজার ব্যবস্থা স্থিতিশীল রাখা এবং কৃষকদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।














