পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পাবনা জেলা শহরে এক বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক, পাবনা জেলা বিএনপির সদস্য এবং আগামী পাবনা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ডাঃ আহমেদ মোস্তফা নোমান-এর নেতৃত্বে এ মশাল মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্তের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। মশাল হাতে শত শত নেতা-কর্মীর উপস্থিতিতে পুরো রাজপথ প্রকম্পিত হয়ে ওঠে।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডাঃ আহমেদ মোস্তফা নোমান বলেন, “একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে সন্ত্রাস সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। পাবনার শান্তিপ্রিয় জনগণকে সাথে নিয়ে যেকোনো মূল্যে এই অপচেষ্টা ও ষড়যন্ত্র নস্যাৎ করা হবে। কোনো সন্ত্রাসীকে পাবনার মাটিতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না।” উক্ত মশাল মিছিলে ড্যাব ও বিএনপি সহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও স্থানীয় সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।















