পাবনার ভাঙ্গুড়া উপজেলায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেছেন ৪১তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা নুসরাত জাহান। গত সোমবার (২৮ সেপ্টেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
নবাগত এই কর্মকর্তার যোগদানের মধ্য দিয়ে উপজেলার সামগ্রিক ভূমি ব্যবস্থাপনা,জনসেবার মানোন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চারের আশাবাদ ব্যক্ত করছেন স্থানীয়রা।
দায়িত্ব গ্রহণের পর নবাগত সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবী মানুষের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় তিনি তাঁর কর্মপরিকল্পনা ব্যক্ত করে বলেন,”সরকারি বিধিবিধান যথাযথ অনুসরণ করে সাধারণ মানুষকে দ্রুত ও ভোগান্তিমুক্ত ভূমি সেবা প্রদান করাই আমাদের প্রধান লক্ষ্য। ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ও শতভাগ জনবান্ধব সেবা কেন্দ্রে পরিণত করতে আমি নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।”
তিনি আরও জানান,নামজারি (মিউটেশন),ভূমি উন্নয়ন কর আদায়, খাসজমি সুরক্ষা ও উদ্ধার এবং সাধারণ মানুষের ভূমি-সংক্রান্ত যেকোনো অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এই লক্ষ্য বাস্তবায়নে তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় সুশীল সমাজসহ সব স্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
যোগদান অনুষ্ঠানে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা নবাগত সহকারী কমিশনার (ভূমি)-কে ফুল দিয়ে বরণ করে নেন এবং তাঁর নতুন কর্মস্থলে সর্বাঙ্গীন সফলতা কামনা করেন।
উল্লেখ্য,নবাগত কর্মকর্তা নুসরাত জাহান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) থেকে তাঁর উচ্চশিক্ষা সম্পন্ন করেন। এর আগে তিনি রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পদায়নের অপেক্ষায় সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর নিজ জেলা টাঙ্গাইলের গোপালপুর উপজেলা।
স্থানীয় সচেতন মহলের মতে, একজন তরুণ ও মেধাভিত্তিক ক্যাডার কর্মকর্তার যোগদানে ভাঙ্গুড়ার ভূমি সেবা গ্রহীতারা বিশেষ উপকৃত হবেন এবং ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে দ্রুত ইতিবাচক পরিবর্তন আসবে।














