আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে ঢাকার সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নে বইতে শুরু করেছে রাজনৈতিক উত্তাপ। বিশেষ করে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের পর পরিবর্তিত প্রেক্ষাপটে বিতর্কিত ও একাধিক মামলার আসামিদের নির্বাচনি তৎপরতা নিয়ে সাধারণ মানুষ এবং স্থানীয় বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র ও তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকালীন ঘটে যাওয়া একাধিক হত্যা মামলার অন্যতম আসামি এবং বিরুলিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ ঘোষিত যুবলীগের পদধারী নেতা শাহজাহান মাদবর এখন রাজনৈতিক খোলস পাল্টে বিএনপি সেজে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ৫ আগস্টের পর থেকে রাতারাতি রূপ বদলে এই আওয়ামী দোসর বিএনপির নাম ভাঙিয়ে ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) প্রার্থী হিসেবে এলাকায় আগাম প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
ক্ষুব্ধ স্থানীয় নেতাকর্মীরা জানান, শাহজাহান মাদবরের মতো বহু সুবিধাভোগী আওয়ামী দোসর এলাকায় পুনরায় মাথাচাড়া দিয়ে উঠছে এবং স্থানীয় নির্বাচনে জয়ের জন্য কোটি টাকার মিশন নিয়ে মাঠে নেমেছে। অভিযোগ উঠেছে, তৃণমূলের মতামত উপেক্ষা করে সাভার বিএনপির কিছু সুবিধাবাদী ও লোভী নেতা টাকার বিনিময়ে এসব বিতর্কিত মুখকে রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় ও ‘শেল্টার’ দিয়ে যাচ্ছেন।
দীর্ঘ ১৭ বছর ধরে জেল, জুলুম, মামলা ও আওয়ামী শাসনের হামলা-নির্যাতন সহ্য করা বিরুলিয়ার বিএনপি সমর্থিত একাধিক ত্যাগী নেতা বলেন, “আমরা দলের জন্য জীবন বাজি রেখে রাজপথে ছিলাম। অথচ আজ ক্ষমতার পটপরিবর্তনের পর কিছু লোভী নেতার কারণে আওয়ামী লীগের খুনের মামলার আসামিরা বিএনপির ব্যানারে নির্বাচন করার দুঃসাহস দেখাচ্ছে। টাকার লোভে পরে দলের ভেতর থেকে দলকে ডোবানোর এই চক্রান্ত অবিলম্বে বন্ধ করতে হবে।”
তারা আরও যোগ করেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যারা সাধারণ ছাত্র-জনতার রক্তের ওপর দাঁড়িয়েছে, তাদের যদি বিএনপি নেতাদের ছত্রছায়ায় পুনর্বাসিত হতে দেওয়া হয়, তবে গণঅভ্যুত্থানের ত্যাগ ও শহীদদের রক্ত চরমভাবে অবমূল্যায়িত হবে।
বিরুলিয়ার সাধারণ ভোটাররাও বিষয়টি নিয়ে চরম ক্ষোভ ও আতঙ্ক প্রকাশ করেছেন। তাদের প্রশ্ন— জুলাই ছাত্র-জনতা হত্যার মতো একাধিক মামলার আসামি এবং একটি নিষিদ্ধ সংগঠনের পদধারী নেতা কীভাবে খোলামেলে নির্বাচনি প্রস্তুতি নেন? এই অপশক্তিদের রুখে দিতে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ দ্রুত দলীয় ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন বিরুলিয়ার সর্বস্তরের জনতা।















