চিত্তরঞ্জন সাহা চিতু:
চুয়াতাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে পরিচালিত এ কর্মসূচির আওতায় ১৩৩ জনকে নগদ অর্থ এবং ৫০০ পরিবারকে চাল প্রদান করা হয়| আলমডাঙ্গা উপজেলা পরিষদ হলরুমে ২০২৫-২০২৬ অর্থবছরের মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ| উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেল।
অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৩৩ জন উপকারভোগীর প্রত্যেককে ৩ হাজার টাকা করে মোট ৩ লাখ ৯৯ হাজার টাকা নগদ সহায়তা প্রদান করা হয়| এছাড়া ৫০০ পরিবারের মাঝে ৩০ কেজি করে মোট ১৫ মেট্রিক টন চাল বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. মাসুদ পারভেজ রাসেল বলেন, সরকার সবসময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে| ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট লাঘবে নিয়মিতভাবে নগদ অর্থ, খাদ্যশস্য ও অন্যান্য মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে| তিনি কোনো অসহায় মানুষ যেন সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে প্রশাসনকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী ¯স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপেক্ষতার ভিত্তিতে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে এ সহায়তা বিতরণ করা হয়েছে| ভবিষ্যতেও উপজেলা প্রশাসন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকবে।
এরছাড়াও অনুষ্ঠানে বারাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোবারক হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন| অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ উপকারভোগীদের হাতে নগদ অর্থ ও খাদ্যশস্য তুলে দেন।
এ সময় উপকারভোগীরা সরকারের এ সহায়তার জন্য সন্তোষ প্রকাশ করেন|
উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পুনর্বাসন ও জরুরি সহায়তা নিশ্চিত করতে সারা দেশের ন্যায় আলমডাঙ্গা উপজেলাতেও নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ করা হয়ে থাকে।












