আশুলিয়ার ভাদাইল উত্তরপাড়া আক্কাস আলী মার্কেট এলাকায় সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন একতা জনকল্যাণ উন্নয়ন সংস্থা।
সংগঠনের সদস্য মোহাম্মদ আলহাজ্ব কাউসার ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারের জন্য প্রয়োজনীয় পোশাক সামগ্রী বিতরণ করেন। সহায়তার অংশ হিসেবে নারীদের জন্য থ্রি-পিস, পুরুষদের জন্য ১৩টি লুঙ্গি এবং শিশুদের জন্য ৪ সেট পোশাক প্রদান করা হয়।
একতা জনকল্যাণ উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ শাহ আলম সরকার বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের দুর্দশা লাঘবে সংগঠনের পক্ষ থেকে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও অসহায় ও দুর্গত মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, “ইনশাআল্লাহ, আমাদের এই সহায়তামূলক কার্যক্রম চলমান থাকবে। সমাজের যেকোনো দুর্যোগ ও সংকটময় মুহূর্তে মানুষের পাশে দাঁড়াতে আমরা সবসময় চেষ্টা করব। এজন্য সকলের কাছে আমাদের একতা জনকল্যাণ উন্নয়ন সংস্থার সদস্যদের জন্য দোয়া কামনা করছি, যাতে ভবিষ্যতেও মানবসেবামূলক কাজে আরও বেশি অবদান রাখতে পারি।”
স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্যোগের সময় এ ধরনের মানবিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য অনেক বড় প্রেরণা ও স্বস্তির কারণ।














