ঢাকার আশুলিয়ার কাঠগড়া উত্তরপাড়া এলাকায় ‘কাউ বয় ফুডস কোম্পানি লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানে নিম্নমানের খাদ্যপণ্য তৈরি, অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্রসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছেন। এসময়ে বিভিন্ন অসঙ্গতির দায়ে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) দুপুরে আশুলিয়ার কাঠগড়া উত্তরপাড়া এলাকায় অবস্থিত কারখানাটিতে এ অভিযান পরিচালনা করেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিবুল্লাহ আকন্দ। এর আগে কারখানাটিতে প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন ছাড়াই শিশু খাদ্য উৎপাদনের অভিযোগ এবং তথ্য সংগ্রহে যাওয়া সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ নিয়ে ‘সোহেল রানার অনুমতি ছাড়া সাংবাদিক প্রবেশ নয়’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পরই কারখানাটিতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিবুল্লাহ আকন বলেন, কারখানাটিতে অভিযান চালিয়ে অনেক অসঙ্গতি পাওয়া গেছে। এসব বিষয়ে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ ক্ষমা চেয়েছে এবং অসঙ্গতিগুলো দ্রুত সময়ের মধ্যে সম্পূর্ণভাবে সংশোধনের জন্য সময় চেয়েছে। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে এসব অসঙ্গতি সংশোধন করা না হলে পরবর্তীতে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন অসঙ্গতির কারণে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
এসময় আশুলিয়া থানার (এসআই)মো. সুমন মিয়ার সঙ্গীয় টিমসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।












