সাত দফা দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর রংপুরের উদ্দেশে লংমার্চ করবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হওয়া কর্মসূচির শেষ হবে রংপুর জিলা স্কুলে সমাবেশের মাধ্যমে।
রোববার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত প্রস্তুতি সভা শেষে এসব তথ্য জানান জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
তিনি জানান, ১৯ সেপ্টেম্বর সকাল ৭টায় লংমার্চ শুরু হবে। উদ্বোধনী সভা চলবে সকাল ৮টা পর্যন্ত। এরপর গাজীপুরের ভোগরাপাড়া, টাঙ্গাইলের নগর জালফৈ, সিরাজগঞ্জ চৌরাস্তা, বগুড়ার চারমাথা এবং গাইবান্ধার পলাশবাড়ীতে পৃথক পথসভা হবে। সবশেষে রংপুর জিলা স্কুলে অনুষ্ঠিত হবে সমাপনী সমাবেশ।
হামিদুর রহমান আযাদ বলেন, আগে বিরোধী দলের দাবির সংখ্যা ছিল ছয়টি। এর সঙ্গে দুর্নীতি, দখলবাজি ও চাঁদাবাজি বন্ধের বিষয় যুক্ত হওয়ায় এখন তা সাত দফায় দাঁড়িয়েছে।
জোটের এই নেতা দাবি করেন, সংসদে জনগণের অধিকার, আইনশৃঙ্খলা, জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তারা নিয়মিত কথা বলছেন। একই সঙ্গে নতুন রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা ও সংবিধান সংস্কারসংক্রান্ত গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়নেও ভূমিকা রাখার দাবি করেন তিনি।
দেশের চলমান জ্বালানি সংকট নিয়েও সরকারের সমালোচনা করেন আযাদ। তার অভিযোগ, সরকার ও বিরোধী দলের সমন্বয়ে টাস্কফোর্স গঠনের প্রস্তাব এবং বিরোধী দলের দেওয়া ১০টি সুপারিশ কার্যকর হয়নি।
তিনি দাবি করেন, গ্যাস সংকটে বিভিন্ন শিল্পকারখানা ক্ষতির মুখে পড়ছে এবং তৈরি পোশাক খাতের অর্ডার অন্য দেশে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। একই সঙ্গে সার সংকটের কারণে ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জোটের এই নেতা। তার দাবি, সাম্প্রতিক সময়ে একের পর এক গুরুতর অপরাধের ঘটনা ঘটছে এবং বিরোধী দলের কয়েকজন নেতা-কর্মী হত্যার শিকার হয়েছেন।
অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট মোকাবিলায় সব পক্ষকে নিয়ে আলোচনা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, জাতীয় সমস্যাগুলো সমাধানে রাজনৈতিক ঐকমত্য গড়ে তুলতে হবে।
প্রস্তুতি সভা ও প্রেস ব্রিফিংয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন মিয়াজী, জাগপার মুখপাত্র রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন।












