মনারী ও শিশুদের আইনি সেবা আরও সহজ, দ্রুত ও আন্তরিক পরিবেশের মাধ্যমে নিশ্চিত করতে সাভার মডেল থানায় স্থাপন করা হচ্ছে আধুনিক মানের ‘নারী ও শিশু সহায়তা ডেস্ক’। বর্তমানে এ ডেস্কটি নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে।
সেবা প্রত্যাশীদের সার্বিক সুবিধার্থে নির্মিত হতে যাওয়া এই নতুন অবকাঠামোতে থাকছে আধুনিক সুযোগ-সুবিধা। থানা সূত্রে জানা গেছে, সেবা নিতে আসা নারী ও শিশুরা যেন কোনো ধরনের সংকোচন বা অস্বস্তি ছাড়া তাদের সমস্যা ও অভিযোগ তুলে ধরতে পারেন, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষায়িত এই ডেস্কে এসে নারী ও শিশুরা যেন একটি সুশৃঙ্খল, নিরাপদ ও অমায়িক পরিবেশে তাদের কথা বলতে পারেন, সেই ব্যবস্থা রাখা হচ্ছে।
এই ডেস্কে প্রশিক্ষণপ্রাপ্ত নারী পুলিশ কর্মকর্তাদের দায়িত্বে রাখা হবে, যাতে ভুক্তভোগীরা নির্বিঘ্নে ও বিস্তারিতভাবে সমস্যার কথা জানাতে পারেন। আইনি ও সামাজিক সুরক্ষার বিষয়টি মাথায় রেখে ভুক্তভোগীদের পরিচয় এবং বক্তব্যের সর্বোচ্চ গোপনীয়তা রক্ষার বিশেষ ব্যবস্থা থাকবে। শুধুমাত্র অভিযোগ গ্রহণ নয়, বরং তাৎক্ষণিক আইনি পরামর্শ এবং প্রয়োজন অনুযায়ী ভুক্তভোগীদের জরুরি সহায়তা নিশ্চিত করা হবে।
সাভার থানা পুলিশ প্রশাসনের এ উদ্যোগের ফলে স্থানীয় সাধারণ নারী ও শিশুদের আইনি সুরক্ষা পাওয়ার পথ আরও সুগম ও ভরসাস্থল হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।




















