পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে পাবনায় বিক্ষোভ সমাবেশ ও বিশাল মিছিল করেছে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১:০০টায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), পাবনা জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই পাবনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংসদীয় আসন-৭২ (পাবনা-৫, সদর)-এর সংসদ সদস্য, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সমন্বায়ক এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস, এমপি। প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, “একটি স্বার্থান্বেষী মহলে পরিকল্পিত সন্ত্রাস ও চক্রান্তের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। দেশের শান্তি, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষা করতে পাবনার মাটি ও মানুষ সবসময় সতর্ক রয়েছে।
দেশবিরোধী যেকোনো ধরনের অরাজকতা ও সন্ত্রাসীদের চক্রান্ত রাজপথে থেকে কড়া জবাবে নস্যাৎ করে দেওয়া হবে।” তিনি আরও বলেন, জনগণের সমর্থন ও শক্তি নিয়ে বিএনপি সবসময় যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সচ্ছার থাকবে এবং রাজপথে থেকে দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা করবে।
সমাবেশ শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অস্থিতিশীলতা ও সন্ত্রাসের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। উক্ত সমাবেশ ও মিছিলে জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।












