পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রধান ফটকের সম্মুখে জাতীয় সংসদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসকে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) পাবিপ্রবি প্রাঙ্গণে এক আন্তরিক পরিবেশে পাবিপ্রবি ছাত্রদলের নেতা-কর্মীরা সংসদ সদস্য শিমুল বিশ্বাসকে অভ্যর্থনা জানান।
এমপি শিমুল বিশ্বাস হলেন সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সাবেক বিশেষ সহকারী এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সম্মানিত সমন্বায়ক। পাবনার গণমানুষের প্রিয় নেতা হিসেবে সুপরিচিত শিমুল বিশ্বাসের আগমনকে কেন্দ্র করে পাবিপ্রবি ক্যাম্পাসের সামনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সৌজন্য সাক্ষাৎকালে ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন।
এ সময় এমপি শিমুল বিশ্বাস শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার সুপরিবেশ বজায় রাখা, সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকা এবং মেধা ভিত্তিক রাজনীতি চর্চার ওপর গুরুত্বারোপ করেন। শুভেচ্ছা বিনিময়কালে পাবিপ্রবি শাখা ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ পাবনার সার্বিক শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে সংসদ সদস্য শিমুল বিশ্বাসের অব্যাহত ভূমিকা ও নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।












