দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে আবারও চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত এ আদেশ দেন। আগের চার দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে আরও সাত দিনের রিমান্ডের আবেদন করেছিল গোয়েন্দা পুলিশ। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২০ সেপ্টেম্বর রাজধানীর সংসদ ভবনের বিপরীতে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার বাবা এস এম মাসুম বিল্লাহ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা বেগম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করে মামলা করেন।এরপর গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে হেফাজতে নেয় পুলিশ। ২১ সেপ্টেম্বর আদালত গাজী নজরুলকে চার দিন এবং মাকছুদাকে এক দিনের রিমান্ড দেন। পরে মামলাটির তদন্তভার ডিবির কাছে হস্তান্তর করা হয়।
রিমান্ড শেষে মাকছুদাকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অপর আসামি ওবায়দুর রহমানকেও ২৩ সেপ্টেম্বর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।পুলিশের আবেদনে বলা হয়েছে, মরিয়মের মৃত্যুর প্রকৃত কারণ ও মামলার বিভিন্ন দিক খতিয়ে দেখতে গাজী নজরুলকে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন। অন্যদিকে নজরুল ইসলাম শুরু থেকেই তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন।










