নতুন করে গণভোট আয়োজনের প্রয়োজনীয়তা নিয়ে সরকারের কাছে তিনটি প্রশ্নের স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব প্রশ্ন তোলেন। তার প্রশ্নগুলো হলো—আগের গণভোটে জনগণের দেওয়া সিদ্ধান্তের সাংবিধানিক অবস্থান কী, সেই সিদ্ধান্ত বাস্তবায়নের পরিবর্তে আবার গণভোটের প্রয়োজন কেন এবং নতুন গণভোটের সাংবিধানিক ও আইনগত ভিত্তি কী।
হামিদুর রহমান আযাদ তার পোস্টে উল্লেখ করেন, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হয়েছিল। সেখানে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, দ্বিকক্ষবিশিষ্ট সংসদসহ রাজনৈতিক দলগুলোর সম্মত বিভিন্ন সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয় ছিল।
তার প্রশ্ন, একই বা সংশ্লিষ্ট বিষয়ে জনগণের মতামত নেওয়ার পর আবার নতুন করে গণভোটের প্রয়োজন কেন তৈরি হয়েছে।
তিনি বলেন, আগের গণভোটের রায় যদি কার্যকর ও বহাল থাকে, তাহলে একই বিষয়ে আবার জনগণের কাছে যাওয়ার কারণ ব্যাখ্যা করা প্রয়োজন। আর আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনার প্রয়োজন হলে তার সাংবিধানিক ভিত্তি কী, সেটিও স্পষ্ট করা দরকার।
জামায়াতের এই নেতা আরও বলেন, গণভোট জনগণের মতামত নেওয়ার একটি বিশেষ সাংবিধানিক প্রক্রিয়া। তাই আগের গণরায়ের মর্যাদা, কার্যকারিতা ও বাস্তবায়নের বিষয় পরিষ্কার না করে নতুন গণভোটের উদ্যোগ নিলে প্রশ্ন তৈরি হওয়া স্বাভাবিক।
তার মতে, সরকার এসব বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিলে জনগণ বিষয়টি সম্পর্কে নিজেদের অবস্থান নির্ধারণ করতে পারবে। জনগণের দেওয়া ভোটের পর রাষ্ট্র কীভাবে সেই সিদ্ধান্তকে মূল্যায়ন ও বাস্তবায়ন করে, সেটিও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।











