সাভারের আমিনবাজারে বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাব হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত ১৩ নম্বর আসামি জিল্লুর রহমানকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৬)রাতে সাভারের আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির আল আহসানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বড়দেশী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
আমিনবাজার পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে জানানো হয়েছে, এসআই আলতাব হোসেন হত্যাকাণ্ড ঘটনার পর থেকেই জড়িত আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে বড়দেশী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মামলার এজাহারভুক্ত ১৩ নম্বর আসামি জিল্লুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, আলোচিত এই হত্যা মামলায় এ পর্যন্ত মোট ২০ জন আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি জিল্লুরকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। মামলার অপরাপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।














