সাভার সরকারি কলেজে সীমানা প্রাচীর নির্মাণ এবং ক্যাম্পাসের সার্বিক সৌন্দর্য বৃদ্ধি ও আধুনিকায়ন কাজের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। আজ ০১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার দুপুর ১২:০০টা থেকে ১:০০টা পর্যন্ত কলেজ প্রাঙ্গণে এসব কার্যক্রমের শুভ উদ্বোধন ও পরিদর্শন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সাভার সরকারি কলেজের শহীদ মিনার চত্বর এবং খেলার মাঠের সৌন্দর্য বৃদ্ধি ও আধুনিকায়নের লক্ষ্যে গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কাজের সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন,ঢাকা ১৯ আসনের সাংসদ ডা.দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। তিনি পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজের গুণগত মান বজায় রাখা এবং নির্ধারিত সময়ের মধ্যে দ্রুততার সঙ্গে কাজ সম্পন্ন করার জন্য সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে,সাংসদ ডা.দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বলেন,দীর্ঘদিনের প্রতিক্ষীত সীমানা প্রাচীর নির্মাণ কাজ সম্পন্ন হলে কলেজের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় হবে। পাশাপাশি শহীদ মিনার চত্বর ও খেলার মাঠের আধুনিকায়ন সম্পন্ন হলে শিক্ষার্থীরা সুন্দর, সুসংগঠিত ও মনোরম পরিবেশে পড়াশোনা ও খেলাধুলার সুযোগ পাবে, যা ক্যাম্পাসের সার্বিক শিক্ষার পরিবেশকে বহুগুণ বাড়িয়ে দেবে।
অনুষ্ঠানে কলেজের শিক্ষকবৃন্দ,পরিচালনা পর্ষদের সদস্য,শিক্ষার্থী এবং নির্মাণ কাজের সাথে সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



















